নতুন পেসার নিল মুস্তাফিজের চেন্নাই
আইপিএল শুরু হওয়ার আগেই ইনজুরিতে পড়েছিলেন চেন্নাই সুপার কিংসের নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। এবার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। তার বদলি হিসেবে ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানের দল।

প্রথম বারের মতো আইপিএলে দল পেলেন গ্লেসন। ছবি: সংগৃহীত
কনওয়ে ইনজুরিতে পড়েছেন। অন্যদিকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান তাদের সঙ্গে আছেন ১ মে পর্যন্ত। ফিজের অনুপস্থিতি ও কনওয়ের ছিটকে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্লেসনকে দলভুক্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ২০২২ সালে ইংল্যান্ড দলে অভিষেক হয়েছিল গ্লেসনের। দেশের হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী পেসার, নিয়েছেন ৯ উইকেট। ২১টি লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ২৮ উইকেট।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আঙুলে ফ্র্যাকচার হয়েছিল কনওয়ের। যে কারণে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি এই ওপেনার। ফলে আইপিএলের কিছু ম্যাচ থেকে ছিটকে যান তিনি। এবার ছিটকে গেলেন পুরো টুর্নামেন্ট থেকে।
গত বছর চেন্নাইকে চ্যাম্পিয়ন করার যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কনওয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচসেরা। পুরো টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে করেছিলেন ৬৭২ রান, যা চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তো বটেই, টুর্নামেন্টেরই তৃতীয় সর্বোচ্চ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন